গাজীপুরের টঙ্গীতে মঙ্গলবার (১৪ এপ্রিল) বিএনপি নেতা নুরুল ইসলাম সরকারের মুক্তির দাবিতে বিক্ষোভের ঘটনা ঘটেছে। স্থানীয়দের তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান টাঙ্গাইলের উদ্দেশে ঢাকা থেকে রওনা হলে টঙ্গীর বিআরটি প্রকল্পের উড়াল সেতু এলাকায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের কিছু নেতাকর্মী প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে অবস্থান নেন।


\r\n

সকাল পৌনে ১০টার দিকে প্রধানমন্ত্রীর গাড়িবহর ওই এলাকায় পৌঁছালে তারা স্লোগান দিতে শুরু করেন এবং নুরুল ইসলাম সরকারের মুক্তির দাবি জানান। এ সময় বিক্ষোভকারীদের নেতৃত্ব দেন নুরুল ইসলাম সরকারের ছেলে রনি সরকার।

\r\n

পরিস্থিতি কিছুটা উত্তেজনাপূর্ণ হলেও বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নুরুল ইসলামের ছেলে রনি সরকার বলেন, তার বাবা নির্দোষ দাবি করে বলেন, মিথ্যা মামলায় তাকে দীর্ঘদিন কারাগারে রাখা হয়েছে। তিনি শুধু ন্যায়বিচারের দাবি জানিয়েছেন এবং সঠিক তদন্তের মাধ্যমে মুক্তির আহ্বান জানান।


\r\n

টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর গাড়িবহর স্বাভাবিক গতিতেই এলাকা অতিক্রম করেছে। গাড়ি থামানোর মতো কোনো ঘটনা ঘটেনি, তবে সেখানে মুক্তির দাবিতে স্লোগান ও প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়।

\r\n

উল্লেখ্য, ২০০৪ সালের ৭ মে গাজীপুরের সাবেক সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় নুরুল ইসলাম সরকারকে আসামি করা হয়। পরবর্তীতে এ মামলায় হাইকোর্ট কয়েকজন আসামির মৃত্যুদণ্ড ও কয়েকজনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখে। বর্তমানে মামলাটি সুপ্রিম কোর্টে আপিল শুনানির অপেক্ষায় রয়েছে।